- ইতালিতে শোকের ছায়া: ৮ দিনে ৯ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গত ৮ দিনের মধ্যে দেশটির বিভিন্ন শহরে ৯ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষ করে ঈদের দিন ও ঈদের পরের দিন একাধিক মৃত্যুর ঘটনায় কমিউনিটির মধ্যে উদ্বেগ ও শোক আরও গভীর হয়েছে।
কমিউনিটি সূত্রে জানা যায়, সম্প্রতি ইতালির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা হঠাৎ বৃদ্ধি পাওয়ায় অনেকেই হিট স্ট্রোক, হৃদরোগজনিত জটিলতা এবং অন্যান্য শারীরিক অসুস্থতায় আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের ধারণা, তীব্র গরম ও স্বাস্থ্যগত জটিলতাই এসব আকস্মিক মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কমিউনিটির নেতৃবৃন্দ ও সচেতন ব্যক্তিরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে প্রচণ্ড গরমের সময় পর্যাপ্ত পানি পান, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, অপ্রয়োজনীয় বাইরে চলাফেরা কমানো এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রবাসীদের উদ্দেশ্যে তারা বলেন, “নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন। সামান্য অসুস্থতাকেও অবহেলা করবেন না।”
মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ইতালির বাংলাদেশি কমিউনিটি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ সকল মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাদের পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।











