পবিত্র হজ মৌসুম শেষ হতেই পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব। রোববার থেকে ১৪৪৮ হিজরি সালের নতুন ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু করার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, রোববার থেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ যাত্রীদের সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ওমরাহ পালনকারীরা এখন থেকে সৌদি সরকারের অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে পবিত্র মক্কায় প্রবেশের অনুমতি এবং ওমরাহ পারমিট সহজেই সংগ্রহ করতে পারবেন।
সৌদি সরকারের একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’-এর মাধ্যমে ওমরাহ সংক্রান্ত সব ধরনের অনুমতি, হোটেল বুকিং এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা পাওয়া যাবে। আগামী বছরের ৯ মার্চ হবে নতুন মৌসুমে ওমরাহ ভিসা ইস্যু করার শেষ দিন। এছাড়া ২০২৭ সালের ২৩ মার্চ পর্যন্ত যাত্রীরা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।











